Newsbazar24:দুই হুজুরের গপ্পো’, ‘জ্ঞানবৃক্ষের ফল’, ‘দায়বদ্ধ’, ‘অনিকেত সন্ধ্যা’, ‘বিপদজনক’ সহ একাধিক জনপ্রিয় ও প্রতিবাদী নাটকের স্রষ্টা চন্দন সেন আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া নাট্যক্ষেত্রের সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’, প্রত্যাখ্যান করলেন। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই, সরকারকে বার্তা নাট্যকারের। রাজ্য সরকারের সংস্কৃতি অধিকর্তাকে ইমেইল পাঠিয়ে পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়েছেন নাট্যকার চন্দন সেন। ২০১৭-তে নাট্যকার চন্দন সেনকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার।পুরস্কার হিসেবে পাওয়া পদক ও নগদ ২৫ হাজার টাকা এখনই ফেরাতে চান বলে জানিয়েছেন তিনি। নাট্য অভিনেতা ও বর্তমানে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের আরজিকর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের বেতন নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাশাপাশি যারা সরকারি পুরস্কার পেয়েছিলেন তাদের পুরস্কার ফেরানো নিয়ে কটাক্ষ করেছিলেন। এরই প্রতিবাদে এই পুরস্কার প্রত্যাখ্যান বলে জানিয়েছেন নাট্যকার চন্দন সেন।
পাশাপাশি এই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে সংস্কৃতি জগতে। এর প্রতিবাদে পুরস্কার ফেরত দিচ্ছেন আরও এক নাট্য পরিচালক। পুরস্কার ও পুরস্কার হিসেবে পাওয়া ৩০ হাজার টাকাও ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সেরা নির্দেশক হিসেবে চলতি বছর পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার, আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।






