Newsbazar24:আবারও আক্রান্ত পুলিশ। তবে এবার রাজনৈতিক নেতাদের হাতে নয়,চোর ধরতে গিয়ে আক্রান্ত হলো
পুলিশ। শুধুমাত্র আক্রান্ত নয় অভিযুক্তদের হাতে বেধড়ক মার খেলেও পুলিশ। ঘটনাটি টেংরা এলাকার। এলাকাৎ
অভিযুক্তকে ধরতে গিয়ে বিধাননগর দক্ষিণ ও উত্তর থানার পুলিশের উপর বেধড়ক হামলার অভিযোগ উঠল। ঘটনায় আহত হয়েছেন সাত জন পুলিশকর্মী হামলাকারীরা পুলিশের গাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বিধাননগর দক্ষিণ থানায় একটি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে এ দিন স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিধাননগর দক্ষিণ ও উত্তর থানার পুলিশ ট্যাংরা কলোনি এলাকায় পৌঁছয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিযুক্তকে ধরতে যেতেই পুলিশকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। অভিযোগ, লাঠি, রড, ইট এমনকি ক্রিকেটের উইকেট দিয়েও পুলিশকর্মীদের মারধর করা হয়। আচমকা হামলায় প্রাণ বাঁচাতে পিছু হটতে বাধ্য হন পুলিশকর্মীরা।
আহত পুলিশকর্মীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, সাত জনের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও হামলার অভিযোগ রয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। যদিও সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তের খোঁজ মেলেনি। তাকে ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এই ঘটনায় ট্যাংরা ও সংলগ্ন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





