Newsbazar24:স্বাস্থ্যসাথী প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ! আর এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্বাস্থ্য দপ্তরে।অতীতেও এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই এই নিয়ে চিকিৎসক ও বেসরকারি হাসপাতালের একাংশের বিরুদ্ধে তদন্তে নেমেছে স্বাস্থ্য দফতর।এই আবহে এবার এই প্রকল্পে নয়া দুর্নীতির অভিযোগ উঠল। এতে কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য রোগীকে ২০০ টাকা করে দেওয়া হয়। হাসপাতাল থেকে রোগী ছুটি পাওয়ার পর রোগী সহায়তা কেন্দ্র থেকে এই টাকা দেওয়া হয় তাঁদের। এবার এই ২০০ টাকা নিয়েই দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।
রোগী সহায়তা কেন্দ্র থেকে এই ২০০ টাকা করে পাওয়ার জন্য একটি স্লিপে রোগীর নাম, ফোন নম্বর লিখে স্বাক্ষর করতে হয়। অভিযোগ, সই জাল করে রোগীদের বাড়ি ফেরার সেই টাকাই হাতিয়ে নেওয়া হয়েছে। কয়েক হাজার রোগীর ২০০ টাকা করে মোট কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ।
স জানা যাচ্ছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির তদন্তে নেমে এই কেলেঙ্কারির কথা জানতে পারেন তদন্ত আধিকারিকরা রোগী সহায়তা কেন্দ্র থেকে ২০০ টাকা নেওয়ার জন্য যে স্লিপ জমা দেওয়া হয়, সেখানে থাকা ফোন নম্বরে যোগাযোগ করার পর স্বাস্থ্য কর্তারা এই দুর্নীতির বিষয়ে জানতে পারেন। এর মধ্যে বেশ কিছু নম্বরের কোনও বাস্তব অস্তিত্ব নেই।
অনুমান করা হচ্ছে, হাসপাতাল থেকে ছুটি পাওয়া রোগীদের সই জাল করে ভুয়ো নম্বর দিয়ে ২০০ টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্র থেকে যে স্লিপ জমা দেওয়া হয়েছিল, সেখান থেকেই এই গরমিলের কথা জানা গিয়েছে।





