Newsbazar24 :বৃহস্পতিবার ২০শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মালদায় পালিত হল আন্তর্জাতিক শিশু অধিকার দিবস। এই উপলক্ষে এদিন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনস্ত পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের উদ্যোগে এবং মালদা জেলা শিশু সুরক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এদিনের এই মঞ্চে রাজ্যের বিভিন্ন জেলার বেশ কিছু কিশোরীকে ‘বীরাঙ্গনা’ পুরস্কার দেওয়া হয় পাশাপাশি ছেলেদের ‘বীরপুরুষ’ পুরস্কার দেওয়া হয়। জেলা শিশু সুরক্ষা দপ্তর সূত্রে জানা যায় ২৬ জন কিশোরীকে বীরাঙ্গনা ও ৯জন কিশোরকে ‘বীরপুরুষ’পুরস্কার প্রদান করা হয়। প্রত্যেককে আর্থিক ১০ হাজার টাকার চেক এবং খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।
পুরস্কারের পর অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন হোমের আবাসিক ছেলেমেয়েরা নাচে ও গানে সম্মোহিত করে রাখে অডিটোরিয়ামে উপস্থিত অভিভাবক অভিভাবিকা ও দর্শক মন্ডলীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন তুলিকা দাস, প্রধান উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, আয়োগের সদস্য সৌমিত্র রায়, অর্পিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান অম্বরিশ বর্মণ, শিশু কল্যাণ কমিটির সদস্য চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই।
শিশু সুরক্ষা দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে নিজেদের জীবনে ঝুকি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার নজির গড়ে বীরাঙ্গনা ও বীরপুরুষ পুরস্কারে ভূষিত হলেন কিশোর কিশোরীরা। এর মধ্যে কেউ আবার নিজের বিয়ে রূখে দেওয়ার পাশাপাশি সহপাঠীদের বিয়েও রুখেছেন, কেউ আবার নদীতে ঝাঁপ দিয়ে বাঁচিয়েছেন শিশুকে।
পুরস্কার পেয়ে অভিভূত কিশোর কিশোরীরা জানায়, এই পুরস্কার তাদের আগামীতে উৎসাহিত করবে।





