Newsbazar24:আই প্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে ইডি। আইপ্যাক অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে বাধা দানের অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি। যদিও সেই মামলার শুনানি পিছিয়ে যায়। অভিযোগ তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবীরা আদালত কক্ষে জড়ো হন বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। বিচারপতি শুভ্রা ঘোষ বার বার শান্ত থাকার নির্দেশ দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ( নিজেও মাইক হাতে নিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। তবু হইচই থামেনি। শেষ পর্যন্ত বিচারপতি জানান, মামলার পরবর্তী শুনানি হবে ১৪ জানুয়ারি।
এরপর ইডি-র জরুরি শুনানির আবেদনও ফিরিয়ে দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
এর পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি-র আইনজীবীরা। সূত্রের খবর, আজ রাত অথবা আগামিকাল সকালের মধ্যেই শীর্ষ আদালতে আবেদন জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রে জানা গেছে, ইডি-র আইনজীবীরা শীর্ষ আদালতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন। কারণ তাঁরা দাবি করতেই পারেন, যথাযথ বিচার পাওয়ার জন্য সুপ্রিম কোর্টই সবথেকে ভাল বিকল্প। সমস্ত আইনি পথই খতিয়ে দেখছেন ইডি-র আইনজীবীরা।
এর মধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য সরকার। ইডি যাতে একতরফা ভাবে কোনও আইনি সুবিধা আদায় করতে না পারে এবং রাজ্যকে না জানিয়ে যাতে কোনও নির্দেশ না দেওয়া হয়। ইডি আগেভাগেই সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। আদালতে জমা দেওয়া আবেদনে ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেই সময় যেভাবে নথি বা ফাইল সরানো হয়েছে, তা আদালতের নজরে আনা প্রয়োজন বলে দাবি সংস্থার। পাশাপাশি সিবিআই তদন্তের দাবিও তুলেছে ইডি। রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলেই তাদের বক্তব্য। সংস্থার দাবি, ঘটনার দিন পুলিশের উপস্থিতিতেই সংশ্লিষ্ট সব নথি সরানো হয়েছিল।





